প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৩ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ১০:৫৪ এএম
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে এক দিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।
ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর।
সফরের শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।
এ ছাড়া প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বিক্রম মিশ্রির। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে। সেপ্টেম্বরে সীমান্তে দুজন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত দেড় দশকে ঢাকার এ রকম ভূমিকা দেখেনি দিল্লি।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে অপপ্রচার বন্ধ আর একটি দলের ওপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর– এমন বার্তাই যাবে ভারতের কাছে।