প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:২৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব এ কথা বলেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথাই সরকারের বক্তব্য। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
সম্প্রতি মানবজমিনের প্রকাশনা জনতার চোখের প্রচ্ছদ প্রতিবেদনে, নেপথ্যের গল্পতে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।
বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হলে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন আড়াই মাস পর বলছেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এমন কথা বলা স্ববিরোধিতা।
আসিফ নজরুল দাবি করেন, তিনি (রাষ্ট্রপতি) মিথ্যাচার করেছেন, যা শপথ ভঙ্গের শামিল। তার বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কি না তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।
যদিও এরপর শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত এবং এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।