প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৩ পিএম
ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত
অনাবাসী বাংলাদেশি (এনআরবি) সম্প্রদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
গত ৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা একটি চিঠিতে তিনি এ প্রস্তাব জানান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণফোরামের পক্ষ থেকে ই-মেইলে গণমাধ্যমেকে এ চিঠির তথ্য জানানো হয়।
ড. মুহাম্মদ ইউনূসকে ড. কামাল হোসেন লিখেছেন, দেশকে প্রভাবিত করে জরুরি রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট ও উৎসাহিত।
তিনি লেখেন, বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে থাকা বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি ঐতিহ্যের ধারক তরুণ সম্প্রদায় দেশের চলমান সংস্কার ও উন্নয়নমূলক কাজে কিভাবে অংশগ্রহণ ও অবদান রাখতে পারে সে বিষয়েও অন্তর্বর্তীকালীন সরকার অনুসন্ধান চালাতে পারে।’
তিনি আরও লেখেন, আমি আন্তরিকভাবে আশা করি আপনি এ প্রস্তাবটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং আপনার সুবিধা মতো ব্যবস্থা গ্রহণ করবেন।’