× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিব সভা আজ

সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে আসছে নির্দেশনা

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশাসনের জনবল কাঠামোর পদবিন্যাস পিরামিড মডেল আবারও ফিরে পাচ্ছে জনপ্রশাসনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। বিগত সরকারের আমলে প্রশাসন পিরামিডের বদলে তা হয়েছে মটকার মতো। ওপরের পদে প্রয়োজনের চেয়ে লোক বেশি, নিচের পদে কম। যে কারণে পদোন্নতি পেলেও কাজ না থাকলেও নিচের পদে বসে কাজ করছেন ওপরের পদের কর্মকর্তারা। ফলে আমলাতন্ত্রের কর্মক্ষেত্রে তৈরি হয়েছে বিশৃঙ্খলা।

বিগত ৪৫ বছর আগের জনবল কাঠামোতেই চলছে বর্তমান জনপ্রশাসন। এ লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতি, করণীয় ও বাস্তবায়ন নিয়ে সচিব সভা ডেকেছে সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে সভা করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সভায় বেশকিছু সিদ্ধান্ত আসতে পারে। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা ও প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিলসহ দুর্নীতিরি বিরুদ্ধে কঠোর বার্তা দিতে পারেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার বেলা ১১টায় তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকল সচিবদের সভায় উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা ও করণীয়সহ বিবিধ বিষয়ে আলোচনা হবে। গত ১ সেপেন্টম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাজিমুল হায়দার স্বাক্ষরিত চিঠি সকল মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিগত সরকারের আমলে প্রশাসনের জনবল কাঠামোর পদবিন্যাস পিরামিড মডেল ভেঙে দেওয়া হয়। ওপরের পদে প্রয়োজনের চেয়ে কর্মকর্তা বেশি হলেও নিচের পদে কম রয়েছে। তারপরও কম সংখ্যক পদের বিপরীতে বিপুল সংখ্যকদের পদোন্নতি দেওয়া হচ্ছে বা হয়েছে। তাই কর্মকর্তারা পদোন্নতি পেলেও নিচের পদে কাজ করতে হয়েছে বা হচ্ছে। ফলে আমলাতন্ত্রের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মক্ষেত্রে তৈরি হয় বিশৃঙ্খলা। ভারসাম্যহীন জনপ্রশাসন নিয়ে কাজ করতে গিয়ে পদে পদে দলবাজি সৃষ্টি হয়েছে। অনেক যোগ্য কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এ নিয়ে ক্ষোভের শেষ নেই। যার প্রভাব পড়েছে বর্তমান সরকারের আমলে। বৈষম্যে শিকার হয়েছেন বিভিন্ন স্তরের এমন অসংখ্য কর্মকর্তাকে পদোন্নতি দিতে হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার জনপ্রশাসনে সংস্কার আনতে চাইছে। যে কারণে প্রশাসনে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের পদোন্নতি নীতিমালা সংশোধনী আনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পদক নীতিমালা ও ফেলোশিপ বাতিল করে নতুনভাবে সংশোধনের প্রস্তাবও থাকবে সচিব সভায়। পাশাপাশি দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলে ১১ জেলার বন্যা পরিস্থিতি, শিল্পকারখানা সচল রাখা, সারা দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, গুম-খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি কীভাবে রোধ করা যাবেÑ সে বিষয়ে সচিবদের মতামত নেওয়া হবে। প্রশাসনে দুর্নীতি বন্ধে প্রধান উপদেষ্টা সচিবদের কঠোর নির্দেশনা দিতে পারেন।

সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা রাখার বিষয়টি যেমন গুরুত্ব পাবে, তেমনি দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন প্রধান উপদেষ্টা। একাধিক সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়গুলো গতিশীল করার প্রক্রিয়া, দেশের বিরাজমান অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে সরকারের চিন্তাভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে। এ ছাড়া দুর্নীতিরোধে করণীয় বিষয়ে সচিবদের খোলামেলা কথা বলার অনুমতি থাকতে পারে। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টার হাতে থাকা মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এবার সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচিবরা।

জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসনে সমানতালে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে শেখ হাসিনার পদত্যাগের পর প্রশাসনে অতি উৎসাহী দলবাজ কিছু আমলার কারণে নজিরবিহীন আক্রমণের শিকার হয়েছে জেলা, উপজেলাসহ দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিসহ তালিকা তুলে ধরা হবে। এ ছাড়াও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, প্রধানমন্ত্রী ফেলোশিপ, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা, ২০১৮ (সংশোধিত), ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২১ ইত্যাদি বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। সারা দেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত ও স্বাভাবিক ধারায় আনা যায়, এ-সংক্রান্ত পরামর্শ সচিব সভায় শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কী কী ভাবছে, সে-সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

এ প্রসঙ্গে একাধিক সিনিয়র সচিব ও সচিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যেহেতু সব সচিবের সঙ্গে বৈঠক হবে, স্বাভাবিকভাবেই একটা দিকনির্দেশনা আসবে, কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। সার্বিক পরিকল্পনাও থাকতে পারে। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গতিশীল করা, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। হয়তো সচিবদের মধ্যে অনেকেই নিজেদের মতামত জানাবেন। অন্যান্য আলোচনার মতো এই সভায় খাদ্য পরিস্থিতি, কৃষি উৎপাদন, বাণিজ্য, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা