প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৮:১৯ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ফের পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন।
সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো– মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন– অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
আরেক উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়।
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন– বস্ত্র ও পাট মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
অন্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ২১ জন সদস্য রয়েছেন।
গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টার হাতে ছিল ২৭টি মন্ত্রণালয়। ১৬ আগস্ট চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। আজ আবার দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।