প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৯:৩৭ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ২১:০৪ পিএম
বন্যা মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয়ে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, ‘আকস্মিক বন্যায় বিপদগ্রস্ত জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। আশ্রয় শিবিরে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। বন্যায় মানুষের দুর্ভোগ প্রশমনে কোনো অবহেলা প্রদর্শিত হলে বা কোনো কর্মকর্তার বিষয়ে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বৃহস্পতিবার (২২ আগস্ট) পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বন্যা মোকাবিলায় জরুরি প্রস্তুতিমূলক সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থী, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।
সচিব বলেন, ‘বন্যাদুর্গত জনগণকে উদ্ধারে পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে নৌযান ভাড়া করতে হবে। তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় পর্যায়ের মানুষের পরামর্শমতো সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে।’
তিনি মাঠ পর্যায়ের বন্যাকবলিত এলাকার নির্বাহী প্রকৌশলীদের কাছে সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সবাইকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বন্যাকবলিত এলাকার কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।