প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২২:৩৩ পিএম
পরিকল্পনা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে মঙ্গলবার আলোচনা হতে পারে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কোন প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনগুলো বাতিল বা অগুরুত্বপূর্ণ তালিকায় রাখা হবে, সেসব বিষয়ে নির্দেশনা আসতে পারে।
পরিকল্পনা কমিশনের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) এমদাদ উল্লাহ মিয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পলিসি অনুযায়ী আমাদের পরিকল্পনা সাজানো হবে। সভায় আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরব। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, গুরুত্বসহ নানা দিক নিয়ে আমরা উপদেষ্টার সঙ্গে আলোচনা করব। উপদেষ্টা আমাদের যেভাবে কাজ করার জন্য বলবে আমরা সেভাবে কাজ করব। তবে এখন পর্যন্ত আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিইনি।’
সোমবার (১২ আগস্ট) পরিকল্পনা কমিশনে গিয়ে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে বরণ করে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। সাবেক পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। সেখানে উপদেষ্টার নেমপ্লেট টানানো হয়েছে। এ ছাড়া পিএস, পিও ও প্রশাসনিক কর্মকর্তাদের পদবিতে আগের মন্ত্রীর স্থলে উপদেষ্টা লেখা হয়েছে। যেসব আগে ছিল মন্ত্রীর পিএস, এখন লেখা হয়েছে উপদেষ্টার পিএস।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ হাজার ৩২১টি প্রকল্প অনুমোদিত রয়েছে। এসব প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১৩৩টি, কারিগরি সহায়তার ৮৭টি এবং সমীক্ষা প্রকল্প ২১টি।