প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ০০:০৩ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে এসব কথা জানান তিনি।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সমাজমাধ্যমে বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ আছে বলে প্রচার হচ্ছে। এটিকে গুজব বলে উল্লেখ করেছেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক আছে। প্রতিদিন একশোর মতো যে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে আজও তাই করেছে৷ এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে দেড় শতাধিক ফ্লাইট চলাচল করে থাকে৷ সবগুলো ফ্লাইটই চলাচল করছে। যেসব খবর প্রচার হচ্ছে তা গুজব।’
বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, শনিবার ৭৩টি ফ্লাইট আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং ৭৩টি ফ্লাইট বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য থেকে ৫৪টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে এবং ৫৪টি দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এই পর্যন্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোন ফ্লাইট বাতিল হয়নি।