প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ২২:০৯ পিএম
‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ জুন)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহের উদ্বোধন হবে।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনুশষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রধান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এই পদক পাচ্ছেন ১২৬ জন। এর মধ্যে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করবেন ৫৪ জন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, আনুষ্ঠানিক শিক্ষার মূলভিত্তিই হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা দিয়েই একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের শুরু। সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে শিক্ষাই মূল চাবিকাঠি।
রাষ্ট্রপ্রধান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে পাঠদান একটি আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন চৌকস প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যেন শিশুরা স্কুলে যেতে উৎসাহী হয়। শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক ও স্কুল পরিচালনা কর্তৃপক্ষকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছি এবং এক লাখ ৫ হাজার ৬১৬ জন শিক্ষকের চাকরি সরকারীকরণ করেছি।
এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮টি ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে– শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্মোন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তজার্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।
বিদ্যালয়, ক্লাস্টার ও উপজেলা বা থানা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিশু শিল্পী, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা এবং কর্মচারীকে পদক ও সনদ দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করতে কাজের স্বীকৃতি প্রদান করা হবে বলেও জানান তিনি।
সচিব বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পদক ও সনদ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এবার তিন ক্ষেত্রে ১৮ ক্যাটাগরিতে ১২৬ জন পদক পাচ্ছেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে বেলা ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।