প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ২২:২৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ২২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ১৭ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন সকালে ঢাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে যেকোনো সময় বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ একে এম নাজমুল হক শুক্রবার (১৪ জুন) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। তার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়, চট্টগ্রামের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকার কিছু কিছু এবং খুলনা ও বরিশালে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকায় সকালে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও সিলেটে যেকোনো সময় ও রংপুরে বিকালে বৃষ্টি হতে পারে।
ঈদের দিনের তাপমাত্রা
মধ্য জুনেও দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। এ অবস্থায় ঈদের দিনেও কয়েকটি স্থানে তাপমাত্রা বেশি হয়ে তাপপ্রবাহ বয়ে যাবে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে তাপমাত্রা থাকতে পারে ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহের অন্তর্ভুক্ত। তাছাড়া বাকি বিভাগগুলোতে তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ১১৬ মিলিমিটার। এরপর কক্সবাজারে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এছাড়া সাত বিভাগে মোট ৮৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ১০ মিলিমিটার, রাজশাহীতে ১৪ মিলিমিটার, রংপুরে ২৮৭ মিলিমিটার, ময়মনসিংহে ২৮ মিলিমিটার, সিলেটে ৪৩ মিলিমিটার, চট্টগ্রামে ৪৭২ মিলিমিটার ও খুলনা বিভাগে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অব্যাহত থাকবে তাপপ্রবাহ
খুলনা বিভাগের ১০ জেলা তথা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ ও ঢাকা বিভাগের গোপালগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ছিল কুড়িগ্রামের রাজারহাটে ২৩ ডিগ্রি সেলসিয়াস।