প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৭:০৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪ ১৭:৪৭ পিএম
বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে ৪২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ দিয়েছে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)।
রবিবার (২ জুন) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় মঙ্গলবার (৪ জুন)। আর বুধবার (৫ জুন) ঢাকার হোটেল আমারিতে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘প্রবৃদ্ধি- স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন’ প্রকল্পের সহযোগিতায় মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বাংলাদেশের ৪২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী একটি ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ প্রদান করেছে। গেল ২ জুন থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় ৫ জুন। ঢাকার হোটেল আমারিতে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
বাংলাদেশে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্টাক্ট।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমিউনিকেশন্স স্ট্যাট্রিজি, কন্টেন্ট ডেভেলপমেন্টের মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, পৌরসেবার মান বৃদ্ধিতে ডিজিটাল লিটারেসির বিষয়ে জোর দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা শেষে ম্যাবের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘টেকসই স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা একটি ডিজিটালভাবে ক্ষমতায়িত পৌরসভা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা নাগরিকদের উন্নত সেবা প্রদান করতে পারবে।’
প্রবৃদ্ধি, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান বলেন, ‘পৌরসভার ক্ষমতায়ন ও স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ডিজিটাল লিটারেসির কোনো বিকল্প নেই। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে আমরা সক্রিয় ভূমিকা পালন করছি।’
ম্যাবের মহাসচিব এবং মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন বলেন, ‘প্রবৃদ্ধি প্রকল্পটি সফলভাবে পৌরসভাকে সংযুক্ত করেছে এবং তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা এবং জ্ঞান পৌরসভার পরিষেবাগুলোকে উন্নত করবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।’
ম্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার দেব তার বক্তব্যে ডিজিটাল যুগে ক্রমাগত নতুন নতুন জ্ঞান অর্জনের মধ্য দিয়ে দক্ষ পরিষেবা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
ম্যাবের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ এ ডিজিটাল উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক প্রচেষ্টার বিষয়ে বক্তব্য রাখেন। তিনি ডিজিটাল রূপান্তরের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য পৌরসভা ও সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের সাতটি পৌরসভায় (শিবগঞ্জ, যশোর, ভৈরব, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর ও কক্সবাজার) স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।