ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ০২ জুন ২০২৪ ১০:১৪ এএম
বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয় নির্দেশমালা-২০১৪-এর কিছু ধারা সংশোধন এনে নতুন নির্দেশমালা-২০২৩ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয় নির্দেশমালায় শাখা পরিদর্শনের উল্লেখ থাকলেও তার কোনো প্রমিত নমুনা নেই। নির্দেশমালা সংশোধন করে এতে এই নমুনা সংযোজন করা হচ্ছে। সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একটি করে মনিটরিং ও মূল্যায়ন অনুবিভাগ থাকবে। এই অনুবিভাগের কাজ হবে মন্ত্রণালয় ও বিভাগ বিধিবিধান নিয়মকানুন মেনে যথাযথভাবে কাজ করছে কি না, তা পর্যবেক্ষণ করা; কেউ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করছে কি না, তা দেখভাল করা।
এ বিধির আলোকে কোনো মতামত পাওয়া গেলে তা সরকারকে বিবেচনায় আনতে হবে। ইলেকট্রনিক নোটিং, ই-ফাইলিং ও ইলেকট্রনিক স্বাক্ষর পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত নোটিস, সার্কুলার ও চিঠির কপি সাধারণ ডাকের পাশাপাশি ই-মেইলে পাঠাতে হবে। প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন ডোমেইনভুক্ত ই-মেইল অ্যাকাউন্ট থাকবে। এ অনুবিভাগ সব বিষয় উল্লেখ করে মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে ত্রৈমাসিক ও বাৎসরিক রিপোর্ট দেবে। এ অনুবিভাগ গোপনে অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান করতে পারবে। অনুবিভাগে একজন যুগ্ম সচিব অথবা উপসচিবের নেতৃত্বে কাজ চলবে। বিষয়টি সচিবালয় নির্দেশমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সচিবালয় নির্দেশমালা সব ক্ষেত্রে অনুসরণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। এই কমিটির ১৩তম সভা আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এ সভায় ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে নাম-পদ সৃজন এবং নিয়োগ বিধিমালার সংশোধনের প্রস্তাব সভায় উপস্থাপন করা হচ্ছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য পাঠানো সারসংক্ষেপের কোনো বিশেষ নমুনা বর্তমান সচিবালয় নির্দেশিকায় নেই। ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য পাঠানো সারসংক্ষেপ নিয়ে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে তাদের বিবেচনার জন্য প্রেরিতব্য সারসংক্ষেপের প্রমিত একটি নমুনা এই নির্দেশিকায় সংযোজন করা হচ্ছে। দাপ্তরিক নেমপ্লেটে আগে শুধু সচিব লেখা থাকত। এখন থেকে সচিব ও সিনিয়র সচিব লেখা যুক্ত হবে। একসময় দাপ্তরিক কাজে ব্যাপকভাবে ফ্যাক্স ব্যবহারের প্রচলন থাকলেও এখন তা খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই বাংলা বা ইংরেজি ফ্যাক্স বাদ যাবে সচিবালয় নির্দেশমালা থেকে। এখন থেকে দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিত করতে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়কদের ছুটি দিতে প্রশাসনিক কর্মকর্তার সুপারিশ নেওয়া হবে।
অফিস সহায়কদের পদোন্নতির ক্ষেত্রে বার্ষিক গোপনীয় অনুবেদন-এসিআরের আওতায় আনা হচ্ছে। সে লক্ষ্যে নতুন এসিআর ফরম তৈরি করে তা সচিবালয় নির্দেশমালায় সংযোজন করা হচ্ছে। বাংলাদেশ সচিবালয় নির্দেশিকা সচিবালয়ের বাইরে সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা-প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরেও অনুসরণ করা হয়। এ কারণে এ নির্দেশমালার নাম পরিবর্তন করে ‘সচিবালয় ও সরকারি অফিস কার্যনির্দেশিকা’ অথবা ‘প্রশাসনিক তথা দাপ্তরিক নির্দেশিকা’ রাখার প্রস্তাব করা হয়েছে।
মাঠপ্রশাসনে কর্মরত কর্মকর্তারা অবাধে সচিবালয় প্রবেশের ফলে অনেক সমস্যা তৈরি হয়। তারা, বিশেষত প্রকল্প পরিচালকরা, দাপ্তরিক কাজ ফেলে অনেক সময়ই সচিবালয় এসে বসদের মনোরঞ্জনের চেষ্টা করেন। এ ছাড়া কিছু কর্মকর্তাও থাকেন, যাদের কাজই তদবির করা, অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো ও বসের কান ভারী করা। আবার মহামারি, অতিমারিসহ নানা অভিঘাতে বিশ্ব বর্তমানে মাঝেমধ্যেই থমকে দাঁড়াচ্ছে। এ কারণে অনেক কাজ এখন দপ্তরের পাশাপাশি বাসায়ও করতে হয়। বাসায় বসে দাপ্তরিক কাজ সম্পন্ন করা যেন কর্মকর্তা-কর্মচারী সবার পক্ষেই সহজ হয়, সে লক্ষ্যে তাদের ল্যাপটপসহ যাবতীয় সুবিধা দেওয়ার বিষয়টি সচিবালয় নির্দেশমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সভায় উত্থাপনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে নানা প্রস্তাব এসেছে। যেমনÑ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সাংগঠনিক কাঠামোতে অস্থায়ীভাবে সৃজিত ১৫টি পদ ২৪ জুন ২০১৫ সাল থেকে ভূতাপেক্ষভাবে অনুমোদনের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিআইডিব্লিটিসির চিফ মেডিকেল অফিসারের একটি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের ভূতাপেক্ষভাবে অনুমোদনের প্রস্তাব দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে গাড়িচালকের ৪টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালা ২০২৪-এর অনুমোদনের প্রস্তাব দিয়েছে শিল্প মন্ত্রণালয়। স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারীর চাকরি বিধিমালা ১৯৯০-এর সংশোধনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। কৃষিনীতি সহায়ক ইউনিট কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩-এর অনুমোদনের প্রস্তাব দিয়েছে কৃষি মন্ত্রণালয়। অর্থ বিভাগের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩৫টি ক্যাডার পদসহ মোট ১১৬টি পদ সৃজন ও ১৬টি পদ বিলুপ্তির প্রস্তাব এবং অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের রাজস্ব খাতে ৫৭টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে অর্থ বিভাগ।
৩০টি সরকারি মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৪৮টি ক্যাডার পদ এবং ইউরোলজি বিষয়ে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৭২টি ক্যাডার পদ সৃজনের প্রস্তাব এবং সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২৩-এর অনুমোদনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
সুনামগঞ্জ জেলার শ্যামনগর উপজেলার ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের আওতায় বংশীকুন্ডা উত্তর ভূমি অফিস সৃজন এবং রাজস্ব খাতে স্থায়ীভাবে সহকারী কমিশনারের (ভূমি) একটি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে অন্যান্য ৯টি পদসহ মোট ১০টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পূর্বপুরুষদের আবাসস্থল সুষ্ঠুভাবে পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষেণাবেক্ষণ করার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে একটি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ঢাকা এবং রাজশাহীর জন্য রাজস্ব খাতে ৩টি পদ সৃজনের জন্য প্রস্তাব দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আওতাধীন ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনোভেশনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৯টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৭টি পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৬টি ক্যাডার পদ সৃজনের প্রস্তাব দুইটি গত সভায় অনুমোদন না পাওয়ায় আজ আবারও তোলা হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ের জন্য উপসচিবের একটি এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার ৩৯টি পদসহ মোট ৪০টি পদ রাজস্ব খাতে সৃজনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারীকরণের আগে কর্মরত শিক্ষা-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৯৪টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।