প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৬:৩২ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ১৬:৫৬ পিএম
সাবেক সেনাপ্রধান ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় আসা জেনারেল (অব.) আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী।
বুধবার (২৯ মে) দুদক চেয়ারম্যান বরাবর ওই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।’
তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ নেয়নি। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এর আগে গত ২১ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক ওই সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির নেতৃত্ব দেন তিনি।