রেমালের প্রভাব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪ ২২:১৬ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ০৯:২০ এএম
ফাইল ফটো
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকের স্থলভাগে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে। এটি যশোর ও তার কাছাকাছি এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল স্থল নিম্নচাপে পরিণত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল মঙ্গলবারও সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬টার পর আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার সারা দেশে ৩ হাজার ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২২ মিলিমিটার, রাজশাহীতে ২৬৯, রংপুরে ৫২, ময়মনসিংহে ৫৬, সিলেটে ১০৯, চট্টগ্রামে ১ হাজার ৪৭৬, খুলনায় ৪৯৩ ও বরিশালে ৩৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার নিম্নচাপটি আরও বৃষ্টি ঝড়িয়ে লঘুচাপে পরিণত হওয়ার পর এর অস্তিত্ব শেষ হয়ে যাবে। তিনি বলেন, আজ সারা দেশেই মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি হবে।