বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২১:৩২ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২২:০৪ পিএম
শুক্রবার জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রবা ফটো
টিভি বা পত্রিকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নয় বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
তিনি বলেন, ’ফেসবুক ও অনলাইনকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইন। অনলাইন পোর্টালগুলো অনেক নিউজ করে থাকে যা একপেশে; তাদের জন্যই এ আইন। যারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন, তারা অধিকাংশই অনলাইনে লেখার কারণেই গ্রেপ্তার হয়েছেন।’
শুক্রবার (৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘গণমাধ্যমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
জাফর ওয়াজেদ বলেন, ’দেশে সাইবার অপরাধ অনেক বেড়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা কারা করেন, তা খতিয়ে দেখতে হবে।’
তিনি বলেন, ’গণমাধ্যম পিছিয়ে পড়লে দেশ ও জাতি পিছিয়ে পড়বে। তাই সাংবাদিকদের উচিত সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সাহসের সঙ্গে সত্য সংবাদ তুলে আনা। দেশ নিন্দা মাতৃ নিন্দার মতো পাপ। মায়ের নিন্দা করলে যেমন পাপ হয়, তেমন নিজ দেশের নিন্দা করলে একই পাপ হয়। এ দেশ স্বাধীন করতে এক সাগর রক্ত দিতে হয়েছে। লাখো মায়ের সম্ভ্রম বিলিয়ে দিতে হয়েছে। তাই দেশের জন্য গণমাধ্যমকে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ’বর্তমানে সংবাদপত্র করপোরেটদের হাতে চলে গেছে। সাংবাদিকরা তাদের কথায় চলছেন। স্বাধীনতাবিরোধীরা এখনও নিশ্চিহ্ন হয়ে যায়নি। গণমাধ্যমে তাদের অবস্থান আছে। তাই সবার সজাগ থাকতে হবে।’
পিআইবি মহাপরিচালক বলেন, ’বর্তমানে প্রধানমন্ত্রী তথ্য অধিকার আইন প্রণয়ন করেছেন। তথ্য না দিলে মামলা করার সুযোগ রয়েছে। প্রত্যেক সরকারি অফিসে তথ্য কর্মকর্তা রয়েছেন। সাংবাদিকদের এ সুযোগ কাজে লাগাতে হবে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এ ছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহ নিসতার জাহার কবির, সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম ও প্রভাষক শেখ আবু রায়হান সিদ্দিকীসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।