প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৬:০২ পিএম
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন রংধনু গ্রুপের হেড অব মিডিয়া সাইফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রংধনু গ্রুপের হেড অব মিডিয়া সাইফুল ইসলাম। তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে একদিন বিশ্বব্যাপী পরিচিতি পাবে পত্রিকাটি।
শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক মারুফ কামাল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু এবং পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথি ও প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সাইফুল ইসলাম রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলেই পত্রিকাটি আজকের অবস্থানে পৌঁছেছে।
তিনি আরও বলেন, তিন বছর ধরে ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখা প্রতিদিনের বাংলাদেশ ভবিষ্যতেও একইভাবে এগিয়ে যাবে।
আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বজুড়ে এক নামে উচ্চারিত হোক প্রতিদিনের বাংলাদেশ, যোগ করেন তিনি।
প্রতিনিধিদের উদ্দেশে সাইফুল ইসলাম বলেন, তাদের শ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই পত্রিকাটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
এ সময় তিনি মুদ্রণ সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশ নেওয়া প্রতিনিধিদের তিনি পত্রিকাটিকে নিজের মতো করে লালন করার আহ্বান জানান।
একই সঙ্গে দেশের প্রতিটি প্রান্তে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষদিকে তিনি আশা প্রকাশ করেন, প্রতিবছর এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে পুরো ‘প্রতিদিনের বাংলাদেশ’ পরিবার আরও সুসংগঠিত হবে।