বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩ পিএম
অমর ডি কস্তা।
প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সাংবাদিকতা ফেলোশীপ পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা প্রতিবেদক অমর ডি কস্তা।
দেশের ৭টি জেলা থেকে একজন করে ৭ জন সাংবাদিক এই ফেলোশীপ পেয়েছেন। ৩ মাস মেয়াদি এই ফেলোশীপে সংশ্লিষ্ট সাংবাদিকরা প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো ও এসব জনগোষ্ঠীর মানুষ নিজেদের অধিকার নিশ্চিতে সক্ষম কিনা তা গবেষণা করাসহ প্রতিবেদন তৈরি করবেন।
খুলনা, যশোর, সাতক্ষীরা, পাবনা, নাটোর, রংপুর, কুড়িগ্রাম জেলায় এই গবেষণা ও প্রতিবেদনের কাজ করবেন নিজেদের জেলার জন্য ফেলোশীপ প্রাপ্ত সাংবাদিকরা। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে তা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরাই হচ্ছে এই ফেলোশীপের লক্ষ্য।
সাংবাদিক অমর ডি কস্তা বলেন, গণ যোগাযোগ ও সাংবাদিকতায় অথবা সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাতীয় গণমাধ্যমে কর্মরত এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে ফেলোশীপের জন্য আবেদন চাওয়া হলে আমি আবেদন করি। এরপর বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের পর নির্বাচিত হই এবং গতকাল সোমবার ফেলোশীপ এগ্রিমেন্ট পেপারে সই করি। এই ফেলোশীপের প্রতিবেদন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা ও তাদের অধিকার সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বাস্তব চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।