প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম
শনিবার সকালে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এ সেমিনারে অংশ নেন সৃজনশীল পুস্তক প্রকাশক নেতা, লেখক, গবেষক ও পাঠকবৃন্দ। প্রবা ফটো
রাজধানীর মিন্টো রোডের বিসিএল ভবনের কনফারেন্স কক্ষে ‘মানসম্মত বই প্রকাশের চ্যালেঞ্জ ও উত্তরণ’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এ সেমিনারে অংশ নেন সৃজনশীল পুস্তক প্রকাশক নেতা, লেখক, গবেষক ও পাঠকবৃন্দ।
সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন খান মাহবুব। তিনি তার লিখিত ধারণা পত্রে বই প্রকাশের নানাবিধ সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বলেন। আলোচনায় অংশ নিয়ে গবেষক ও সাংবাদিক ড. এমদাদ হাসনায়েন আইএসবিএন নাম্বার সহজে পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়টিকে খুব কঠিনভাবে দেখার আহ্বানও জানান তিনি। বইয়ের মান নিশ্চিত করতে শিক্ষাবিদ, লেখক, কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক এবং প্রকাশকের পাশাপাশি বিশেষজ্ঞ ও গবেষকদের টিম গঠনেরও পরামর্শ দেন তিনি।
গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনর রশিদ এর সঞ্চালনায় বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি'র সভাপতি সাঈদ বারী বলেন, ‘সবচেয়ে জরুরি হলো মানের প্রতি অঙ্গীকার। বাণিজ্যিকতার চাপ থাকলেও প্রকাশনা শিল্পকে টিকে থাকতে হলে মান, সততা ও পাঠকের আস্থা- এই তিনটি মূল্যবোধকে কেন্দ্রে আনতেই হবে।’
কবি ইমরান মাহফুজ উল্লেখ করেন, ‘বই প্রকাশের চ্যালেঞ্জ ও উত্তরণের কাজ গণগ্রন্থাগারের নয়, বরং এই প্রতিষ্ঠানের মূল কাজ হতে পারে প্রান্তিক পর্যায়ে পাঠক বৃদ্ধিতে ভূমিকা রাখা।’ প্রকাশক ইকবাল হোসেন সানু বলেন, ‘প্রকাশকদের টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে— সেখানে মানসম্মত বই প্রকাশের বিষয়টি তো আরও দূরের বিষয়। মান নির্ধারণ যিনি করবেন তাকেও ওই মাপের হতে হবে।’
এছাড়া জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক প্রকাশক জহির দীপ্তি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক গফুর হোসেন, প্রকাশক দেলোয়ার হাসান, প্রকাশক আবুল বাশার ফিরোজ, সাংবাদিক হক ফারুক আহমেদ, এবং বই পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ, লেখক ও সংগঠক রেজাউল ইসলাম শেখ সহ প্রমুখ আলোচনায় নিজস্ব মতামত তুলে ধরেন।
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীষ চাকমার সভাপতিত্বে শুরু হয় এই সেমিনার। তিনি আলোচকদের মতামতকে কেন্দ্র করে বলেন, বইয়ের মান নির্ধারণ ধরা হয় মূলত সেই বইগুলোকে, যে রচনা পাঠকের কল্পনাকে উসকে দেয়।’
জাতীয় গণগ্রন্থাগারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে যোগযোগ বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে নৌকায় করে উৎসব করা হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লেখক ও সাংবাদিক শরীফা বুলবুল, তানজিম তানিম, হাসনাত মোবারক ও গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক মাহফুজ প্রমুখ।