প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫ ২১:০৩ পিএম
অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে নুরুন্নাহার মুন্নির তৃতীয় কাব্যগ্রন্থ ‘ভ্রূণফুল’। জীবনের বহুমাত্রিক স্পন্দন ও সৃষ্টির গর্ভস্থ সুরের মূর্ছনায় গড়ে উঠেছে গ্রন্থের শরীর। প্রতিটি কবিতা ধারণ করেছে সময়, সমাজ ও অনুভূতির নানান স্তর। সমাজের মুখ ও মুখোশ, অর্থ আর আবেগের টানাপোড়েনে বেঁচে থাকার লড়াই এবং বদলে যাওয়া পৃথিবীর ক্ষুদ্র প্রত্যাশাগুলো প্রেম, প্রত্যাশা, মানবতা ও স্বদেশপ্রেমে জারিত হয়ে মেলে ধরেছে তার নিজস্বতা। সব মিলিয়ে ‘ভ্রূণফুল’ এক দ্বৈত অনুভূতির জগৎ নির্মাণ করেছে, যেখানে ভালোবাসার শক্তি বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় সময়কে।
গ্রন্থের প্রতিটি কবিতায় ফুটে উঠেছে ব্যথা, আশা, প্রেম ও পুনর্জাগরণের পরম অনুভূতি। নিজের তৃতীয় কাব্যগ্রন্থের প্রকাশ সম্পর্কে নুরুন্নাহার মুন্নি বলেন, ‘কবিতা জীবনের আখ্যান। প্রেম, বেঁচে থাকার লড়াই আর অদম্য সৃষ্টির রহস্য ধারণ করেই জন্ম নিয়েছে ‘ভ্রূণফুল’। গ্রন্থটি প্রকাশে অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার আবু ইউসুফ ভাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
‘ভ্রূণফুল’ কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য: ২২৫ টাকা। বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনীর ফেইজবুক পেইজ ও তাদের ওয়েবসাইটে।
উল্লেখ্য নুরুন্নাহার মুন্নির জন্ম চাঁদপুর জেলায়। তার প্রকাশিত অন্যান্য কবিতার বইয়ের তালিকায় রয়েছে ‘আধখোলা জানালার আলাপ’, ‘কেউ থাকে অন্ধকারে’। এছাড়া ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ নামে তার একটি গল্পগ্রন্থও রয়েছে। তিনি সম্পাদনা করেন ‘আখ্যান’ নামের একটি সাহিত্য পত্রিকা।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা, শাহীনা রব স্মৃতি পদক, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।