যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৩:২০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৩:৪০ পিএম
তরুণ প্রজন্মের কাছে জিন্স যেন কম্ফোর্ট পোশাক হয়ে উঠেছে। জিন্স পরতে পছন্দ করে না, এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া বেশ দুষ্কর। নীল-কালো ছাড়াও নানা প্যাস্টেল শেড বা উজ্জ্বল রঙে পাওয়া যায় জিন্সের প্যান্ট। জিন্সের বয়স যতই হোক না কেন, ক্যাজুয়াল ওয়্যার হিসেবে শতক ধরে বাজার কাঁপাচ্ছে। নিজের সাধের জিন্স ভালো রাখতে যত্ন নেওয়ার সঠিক উপায় জানতে হবে।
অনেকেই বলেন, জিন্স ভালো রাখার অন্যতম উপায় হল না কাচা। আসলেই তাই। এমনকী বিখ্যাত জিন্স ব্র্যান্ড লিভাইসের ‘কেয়ার গাইড’-এ এমনটাই আছে। সেখানে বলা হয়েছে, জিন্স ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো।
দাগ দূর করুন
জিন্সে কোথাও সামান্য দাগ লেগে যেতেই পারে। খেতে গিয়ে হয়তো কিছু পড়ল বা সামান্য কাদা লাগল। সেই সময়ে জিন্সকে নিয়ে পানিতে চুবিয়ে দেবেন না। বরং যে জায়গাতে দাগ লেগেছে, সেই অংশটুকু ক্লিনিং করুন। এটা খুব কঠিন কাজ নয়। বাসার কোন পুরনো টুথব্রাশ নিন। তাতে সামান্য সাবান লাগিয়ে নিন। যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর ধুয়ে নিন। তাহলে জিন্স বারবার কাচতে হবে না।

জিন্স ধুতে ঠান্ডা পানি
জিন্স ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করা ভালো। ঠান্ডা পানিতে ধুলে জিন্স বেশিদিন ভালো থাকে। তাড়াতাড়ি রঙও ফেড হয়ে যায় না। অন্যদিকে জিন্স কুঁচকে যাওয়ার কোন সম্ভাবনা নেই। আর কোন ভাবেই গরম পানি দিয়ে জিন্স ধুবেন না। এতে খুব তাড়াতাড়ি আপনার সাধের জিন্সটি নষ্ট হয়ে যাবে। ঠান্ডা পানিতে অল্প সাবানে আপনার জিন্স কাচবেন। তাহলে বছরের পর বছর জিন্সটি পরতে পারবেন।
অন্তত ১০বার পরার পর ধোবেন
জিন্স সুতি থেকে তৈরি করা হয়। বর্তমানে স্ট্রেচেবল জিন্স তৈরি করার জন্য এতে ইলাস্টিক মেটেরিয়ালও মেশানো হয়। অনেক ফ্যাশন বিশেষজ্ঞর মতে, যত কম ধোবেন ততই ভালো থাকবে আপনার জিন্স। সাধের জিন্স ভালো রাখার জন্য অন্তত ১০বার পরার পর তাকে ধুয়ে নিন। আর দাগ লাগলে শুধু সেই জায়গাটি ক্লিনিং করুন।

কোন ডিটারজেন্ট ব্যবহার করবেন?
ইন্ডিগো বা ব্লু প্রিন্ট জিন্সকে আপনি সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুতে পারেন। জিন্স ধোয়ার সঙ্গে সঙ্গে তার থেকে সামান্য হলেও রঙ উঠতে পারে। জিন্স ধীরে ধীরে ফেড হতে শুরু করে। আবার এই ফেড হয়ে যাওয়া জিন্স পরেও আপনি স্টাইল করতে পারেন। সেটি আপনার পার্সোনালিটিকেই গুরুত্ব দেবে! তবে জিন্স ধোয়ার সময় অতিরিক্ত পরিমাণে সাবান ব্যবহার করবেন না।
সাবান ব্যবহার উত্তম
ডিটারজেন্ট কিছুটা হলেও ফ্যাব্রিকের ক্ষতি করে। তবে পরিমাণ মতো সাবান নিয়ে জিন্স কেচে নেবেন। এতে আপনার জিন্স ভালো থাকবে। এছাড়াও সাধারণ ঠান্ডা পানিতে জিন্স ধোবেন। তাহলে জিন্সের রঙও ঠিক থাকবে। তাই নীল রঙের জিন্স অনেকদিন পর্যন্ত ভালো রাখতে এসব দিক খেয়াল রাখবেন।
জিন্স বেশি নিংড়াবেন না
ধোয়া শেষে অনেকে পানি নিংড়ানোর জন্য চাপতে থাকে। এতে জিন্স খারাপ হয়ে যেতে পারে। হালকা পানি ঝরিয়ে হ্যাঙার বা সরাসরি দড়িতে মেলে দিন। বাতাসেই শুকিয়ে যাবে। জিন্সও ভালো থাকাবে অনেক দিন।
প্রবা/টিআই/