প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৮:০৮ পিএম
তরুণদের এআই নির্ভর ভবিষ্যত নিশ্চিন্তে ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত
তরুণদের সৃজনশীল দক্ষতা, আধুনিক ক্যারিয়ার ও এআই নির্ভর ভবিষ্যৎ নিশ্চিন্তে ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করেছে নূরপাথ নেটওয়ার্কের অধীনস্থ ক্রিয়েটিভ মিডিয়া ও মার্কেটিং প্রতিষ্ঠান ‘ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিও’। ড্যাফোডিল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (DIPTI)-এর সহযোগিতায় ১৭ মে (রবিবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ড্যাফোডিল প্লাজার ৪র্থ তলায় অবস্থিত ডিজিটাল কনফারেন্স অডিটোরিয়ামে “ফ্রম স্কিল টু ইনকাম: ক্রিয়েটিভ ক্যারিয়ার ওয়ার্কশপ” শিরোনামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় সৃজনশীল দক্ষতা, ডিজিটাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, ব্যক্তিগত ব্র্যান্ডিং, আধুনিক কনটেন্ট ইন্ডাস্ট্রি এবং AI-সমর্থিত ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া এবং দক্ষতাকে আয়ভিত্তিক সম্ভাবনায় রূপান্তরের বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা বলেন, ‘বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে দক্ষতাভিত্তিক শিক্ষা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী অভিজ্ঞতা তরুণদের ক্যারিয়ার গঠনের অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মিডিয়া এবং AI-সমর্থিত ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোর মতো খাতগুলোতে তরুণদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে আগ্রহ থাকা সত্ত্বেও বাস্তব ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিক ধারণা, কার্যকর দিকনির্দেশনা এবং পেশাগত অভিজ্ঞতার অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের দক্ষতাকে পেশাগতভাবে কাজে লাগাতে পারছে না। এই বাস্তবতাকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।’
অনুষ্ঠানে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন: ‘ড্যাফোডিল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (DIPTI)’ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. কে এম হাসান রিপন, ‘ইউ আর দা নেক্সট ভয়েস’ এর ফাউন্ডার অ্যান্ড সিইও সমাজকর্মী মো. আজাদ হোসেন, ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর ন্যাশনাল বোর্ডের জেনারেল সেক্রেটারি সুমাইয়া সাফাত, ‘ইন্টার্ন অ্যাকাডেমি’ এর ফাউন্ডার এবং ‘ব্র্যান্ডস্টেশন’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ।
কর্মশালাটিতে ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিল ইসলাম মিতুল সৃজনশীল দক্ষতা, বাস্তব ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা, স্কিল-ভিত্তিক ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা মানসিকতা এবং আধুনিক AI-সমর্থিত ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিওর টিম সদস্যরা ফটোগ্রাফি, মিডিয়া প্রোডাকশন, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন এবং আধুনিক AI-ভিত্তিক ক্রিয়েটিভ প্রসেস নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দিক তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান AI-নির্ভর ও প্রতিযোগিতামূলক ডিজিটাল যুগে তরুণদের জন্য শুধুমাত্র ডিগ্রি নয়, বরং বাস্তব দক্ষতা, সৃজনশীলতা এবং অভিযোজন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই জায়গা থেকে এই আয়োজনটি শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবভিত্তিক অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ সনদের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সৌজন্য আপ্যায়নের ব্যবস্থাও ছিল। অনুষ্ঠানটির ফটোগ্রাফি, ভিডিও ডকুমেন্টেশন এবং ডিজিটাল প্রচারণার দায়িত্বে ছিল ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিওর নিজস্ব মিডিয়া টিম।