× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ মে থেকে শুরু হচ্ছে পা‌ওয়া‌র অব শি-এর ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৩:১৪ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৩:১৮ পিএম

৯ মে থেকে শুরু হচ্ছে পা‌ওয়া‌র অব শি-এর ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’

৯ মে থেকে শুরু হচ্ছে পা‌ওয়া‌র অব শি-এর ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’

নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আগামী ৯ ও ১০ মে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে— জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব, এবং মূল স্লোগান “She Leads, She Shines.”। আয়োজনটির মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাদুব (Jadoube) এবং আইপিডিসি ফাইন্যান্স (IPDC Finance)।

আয়োজক সংগঠন ‘পাওয়ার অব শি’ জানায়, সামিটকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রদর্শকদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দিনের বিস্তারিত কর্মসূচি, বিভিন্ন সেশনের কাঠামো, বক্তা তালিকা, অংশগ্রহণের নিয়মাবলী এবং প্রদর্শকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট ইতোমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেওয়া হচ্ছে বিনামূল্যে স্টল। এছাড়া নির্বাচিত দুইজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এছাড়াও ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়াকে বিশেষ সম্মাননা হিসেবে একটি ফ্রি স্টল প্রদান করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিবারসহ ঢাকায় এসে ‘উদ্যোক্তা হান্ট’-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার তার অদম্য প্রচেষ্টা আয়োজকদের অনুপ্রাণিত করেছে।

এ প্রসঙ্গে ‘পাওয়ার অব শি’-এর চেয়ারম্যান সাবিনা স‌্যা‌বি বলেন, "আমরা শুধু উদ্যোক্তার ব্যবসায়িক সাফল্য নয়, তাদের পেছনের সংগ্রাম, অধ্যবসায় এবং পরিবারের সমর্থনকেও সমানভাবে মূল্যায়ন করি। তাসমিয়ার এই অদম্য স্পৃহা আমাদের জন্য অনুপ্রেরণা।"

তিনি আরও বলেন, "উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬ শুধুমাত্র একটি আয়োজন নয়—এটি নারী নেতৃত্ব, উদ্ভাবন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্তের নারীরা এখানে এসে নিজেদের সম্ভাবনা তুলে ধরার সুযোগ পাক, নতুন সংযোগ তৈরি করুক এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস অর্জন করুক।"

দুই দিনব্যাপী এই সামিটে নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনীতি এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞরা অংশ নেবেন। সামগ্রিকভাবে, এই সামিটে দেশীয় পণ্যের প্রসার, উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কার্যকর নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রিটি, দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা, করপোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং পেশাজীবীরা—যার মাধ্যমে একটি বহুমাত্রিক মিলনমেলা ঘটবে। 

অনুষ্ঠানে তুলে ধরা হবে নারী নেতৃত্ব, অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীর অবদান, উদ্যোক্তা সম্ভাবনা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের নানা দিক। স্বাস্থ্য, অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন এবং সৃজনশীলতাকে কেন্দ্র করে সাজানো এই আয়োজন নারী নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, সম্মানিত অতিথি, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে এবারের আয়োজন একটি অনুপ্রেরণাদায়ী ও সফল সামিট হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আয়োজ‌নের প্রথম দিন ৯ মে সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এসময় উদ্বোধনী বক্তব্য দেবেন পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স‌্যা‌বি এবং হাল ফ্যাশনের কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ এস. কে. সাইফুর রহমান। তারপর ‘নারীর শারীরিক স্বাস্থ্য’ বিষয়ক প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে ‘Incepta Women Health Matters!!’ শীর্ষক এই সেশনে মডারেটর হিসেবে থাকবেন ডা. শারমিন আব্বাসি এবং কো-মডারেটর হিসেবে ডা. শেইন ফারিয়া শেতু। আলোচনায় অংশ নেবেন প্রফেসর ডা. ফারহানা দেওয়ান, প্রফেসর ডা. সামিনা চৌধুরী, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. সালেহা বেগম চৌধুরী, প্রফেসর ডা. কোহিনূর বেগম, প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. ফাওজিয়া হোসেন এবং ডা. শুরাভি সেলিম।

বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান, যা উপস্থাপনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব সুমাইয়া হোসেন। এসময় সম্মানিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কাটা ও স্টল পরিদর্শন করা হবে। বিকেল  ‘নারীর চোখে অর্থনীতি’ শীর্ষক প্যানেল আলোচনায় মডারেটর হিসেবে থাকবেন সঙ্গীতা খান। আলোচনায় অংশ নেবেন বিবি রাসেল, ড. মেলিতা মেহজাবিন, ফারজানা খান, প্রফেসর সেলিম জাহান, মামুন রশীদ এবং ব্যারিস্টার ওমর সাদাত। দিনটি শেষ হবে ঢাকা কমিউনিটি ব্যান্ডের লাইভ পরিবেশনার মাধ্যমে।

দ্বিতীয় দিন ১০ মে সকাল ১০টায় পুনরায় প্রদর্শনী শুরু হবে। সকালে ‘মনের কথা খুলে বলুন’ শীর্ষক নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মডারেটর হিসেবে থাকবেন ডা. সিফাত ই সাঈদ এবং প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন প্রফেসর মেহতাব খানম, প্রফেসর ডা. ফারজানা রহমান এবং ডা. সিফাত ই সাঈদ। বিকেল উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন বিনিয়োগকারী ও শপআপ-এর কো-ফাউন্ডার সিফাত সারওয়ার। সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন এফফাত শামস। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোবেরা রহমান লিনু, মাহিন খান, সঙ্গীতা আহমেদ, লিপি খন্দকার এবং মাইশা রহমান মালিহা। অনুষ্ঠানের সমাপ্তিতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এতে আবৃত্তি পরিবেশন করবেন ফারজানা করিম এবং সংগীত পরিবেশন করবেন শারমিন রহমান রুমা। দুই দিনব্যাপী এই আয়োজনটি একটি প্রভাবশালী ও অনুপ্রেরণামূলক মিলনমেলায় রূপ নেবে, যেখানে সম্মানিত অতিথিরা জীবনের নানা সংগ্রাম অতিক্রম করা নারীদের অভিজ্ঞতা তুলে ধরবেন। নারী, নেতৃত্ব, স্বাস্থ্য, উদ্যোক্তা ও সৃজনশীলতার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা