প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৮:১৫ পিএম
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা তে শুরু হচ্ছে বৈশাখী আয়োজন
প্রতি বছরের মতো বাংলা নতুন বছরের প্রথম দিনে পরিবার ও প্রিয়জনকে নিয়ে বাঙালি ঢঙে সুন্দর আনন্দময় সময় কাটাতে দারুণ সব আয়োজন করেছে পাঁচ তারকা হোটেলগুলো। বৈশাখী আয়োজনের খোঁজ জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ মাহমুদ।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট
ঢাকায় সদ্য যাত্রা করেছে নতুন তারকা হোটেল, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট লাগোয়া বিশাল আয়তনের এই তারকা হোটেল ইতোমধ্যেই আভিজাত্য, নান্দনিকতা আর শৈল্পিকতায় দারুণ সাড়া ফেলেছে।

১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট আয়োজন করেছে এসো হে বৈশাখ উৎসব নামের অনুষ্ঠান। বৈশাখী মেলার আমেজে সাজানো হয়েছে পুরো হোটেলটি। ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আদলে বিভিন্ন স্টল থাকবে, যেখানে জামদানি, মাটির তৈজসপত্র, হস্তশিল্প ইত্যাদির সমারোহ থাকছে। শিশুদের জন্য থাকছে রকমারি বাংলা খাবার, আল্পনা আর্ট, বাউল সংগীত, বায়োস্কোপ, নাগরদোলা, চো চো ট্রেইন, জাদু, পুতুল নাচ, মুখ নকশা, মেহেদি অংকন, বেলুন শুটিং, ফান রাইড। এ ছাড়াও চটপটি, ঝালমুড়ি, নানা রকমের পিঠা, গুড়ের চা, হাওয়াই মিঠাই, আইসক্রিম। বাঙালিয়ানার ব্যতিক্রম আয়োজন আর নান্দনিকতায় ভরা এই উৎসব উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ২০০০ টাকায়। বিস্তারিত জানতে ফোন : ০১৮৮৬ ৪৪১১৬৬।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
নতুন বাংলা বছরকে স্বাগত জানতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। ইন্টারকন্টিনেন্টালের উইন্টার গার্ডেন ও গ্র্যান্ড বলরুম রূপসী বাংলায় এবার থাকছে দারুণ সব আয়োজন। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। লোকগান, ভাগ্য গণনা, মেহেদি, পাপেট শো, ব্লক পেইন্ট, বায়োস্কোপ, মুখ নকশা, মুখোশ, হাওয়াই মিঠাই, ফুচকা, লাচ্ছি, ফালুদা, পপ কর্ন, আইসক্রিমসহ দারুণ চমৎকার সব আয়োজন। জনপ্রতি ২ হাজার ৫০০ টাকার এন্ট্রি টিকিটে উপভোগ করা যাবে এই ‘বৈশাখী উৎসব’।
বিস্তারিত জানতে ফোন :+৮৮০ ২ ৫৫৬৬৩০৩০।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপণন পরিচালক সাদমান সালাউদ্দিন বলেন, ‘বাংলা নববর্ষ উপলক্ষে এবার আমাদের সবচেয়ে বড় আয়োজন। অনেকটা গ্রামীণ ঐতিহ্যবাহী মেলার আদলে এই আয়োজন করা হচ্ছে। উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে বৈশাখী খাবারের বিশেষ আয়োজন। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, ম্যাজিক শো, বাবল হাউস ও ব্লক আর্টসহ নানা আয়োজন। ছোট ও বড় সবাই বেশ উপভোগ করবে। এ ছাড়া ইলিশ নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা থাকছে যেখানে ইলিশের নানা পদের দারুণ এক সম্মিলন ঘটানো হয়েছে।’
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
পান্তা-ইলিশ, গরুর মাংস, পোলাও, কোরমা ঐতিহ্যবাহী নানা বাঙালি পদ ও সুস্বাদু মিষ্টির আয়োজন নিয়ে বৈশাখের প্রথম প্রহর থেকেই হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হচ্ছে এবারের বৈশাখ। ৪ হাজার টাকায় ব্রেকফাস্ট, ৫ হাজার ৫০০ টাকায় বৈশাখী ব্রাঞ্চ আর ৬ হাজার ৫০০ টাকায় উপভোগ করা যাবে বিশেষ বৈশাখী ডিনার। এ ছাড়াও বেশ কয়েক রকমের বিশেষ থালিও থাকছে তাদের। জনপ্রতি মাত্র ১৪৩৩ টাকায় পাওয়া যাবে পান্তা-ইলিশ থালি, হাঁস খিচুড়ি থালি,গরু ভুনা খিচুড়ি থালি। নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট টু এবং বাই ওয়ান গেট থ্রি অফার’। এ ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে লাইভ মিউজিক, খেলার জায়গা, সুইমিংপুল আর ওয়াটার গান।
বিস্তারিত জানতে : +৮৮০ ১৩২৪ ৭১৭ ০২৬ নম্বরে ফোন করুন।
শেরাটন ঢাকা
বাংলা নতুন বছর উদযাপনে গুলশানের শেরাটন ঢাকা আয়োজন করছে ‘বর্ষবরণ মেলা’। লোকজ পণ্যের স্টল, শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার, ছেলেদের জন্য আকর্ষণীয় খেলা, সার্কাস, পাপেট শো, ভাগ্য গণনা, বায়োস্কোপ, মুখ নকশাসহ দারুণ সব আয়োজনের পাশাপাশি আগত অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। পহেলা বৈশাখের দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। পাঁচ বছরের কম বয়সী শিশুরা উপভোগ করতে পারবে বিনা মূল্যে, অন্যদের জন্য টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। বৈশাখ উপলক্ষে থাকছে দারুণ বুফে খাবার।

রেনেসন্স ঢাকা
রেনেসন্স ঢাকা আয়োজন করছে দিনব্যাপী রঙিন বৈশাখী উৎসবের। থাকবে লোকগানের আসর, আল্পনা আঁকা, ম্যাজিক শো, মেহেদি উৎসব, লাইভ ফুড স্টেশনসহ বিভিন্ন বিনোদন। রেনেসন্স তিনতলার বাহার রেস্তোরাঁয় থাকছে বাংলা খাবারের সমারোহ নিয়ে বৈশাখে বুফে ডিনার। পাশাপাশি থাকবে স্পেশাল বুফে লাঞ্চ। বিস্তারিত জানতে ফোন :+৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৬
ঢাকা রিজেন্সি
এই হোটেলেও নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাঁচ বছর থেকে বারো বছরের শিশুরা দুই আলাদা ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। এর জন্য আগে থেকে নিবন্ধন করতে হবে। এ ছাড়া থাকছে ফেস পেইন্ট, বাউল গানের আসর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেহেদি উৎসব, বায়োস্কোপ, চুড়ির মেলা ও বৈশাখী ভোজসহ নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ছবি আকার লাইভ ক্যানভাস, গ্যামিং জোন, পুথি গানের আসর, লালনসংগীত ও বৈশাখী ফটো বুথসহ বিভিন্ন আয়োজন। অতিথিদের জন্য থাকছে দারুণ সব উপহার জিতে নেবার সুযোগ। দিনব্যাপী এই বৈশাখী উৎসবে ঢাকা রিজেন্সিতে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা ও সুস্বাদু বাঙালি খাবারের মধ্যাহ্ন ও নৈশভোজ।
পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ বৈশাখী থালি-পান্তা ইলিশ, সর্ষে ইলিশ ও ইলিশ খিচুড়ি। প্রতিটি প্ল্যাটারের সঙ্গে থাকবে ৫ রকমের ভর্তা ও কাঁচা আমের শরবত। রিজেন্সির গ্রিল অন দ্য স্কাই লাইন রেস্তোরাঁয় জনপ্রতি ১ হাজার ৭৯৯ টাকায় পাওয়া যাবে এই প্ল্যাটার।
বিস্তারিত জানতে ফোন : +৮৮০ ১৭১৩৩৩ ২৬৫১
রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন
রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা এবার নববর্ষ উপলক্ষে ‘রঙ্গিলা বৈশাখ’ নামে দিনভর উৎসব আয়োজন করেছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আয়োজনে থাকছে ইলিশ, পান্তা ও জিলাপিসহ নানা দেশীয় খাবার। শিশুদের জন্য থাকছে জাম্পিং ক্যাসল, তোতা খেলা, বায়োস্কোপ, বেলুন শুটিং, জাদু প্রদর্শনী ও বানর খেলা। পাশাপাশি রয়েছে মেহেদি ও ফেইস আর্ট। আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ করতে হবে ১ হাজার ৮০০ টাকা।
গ্র্যান্ড প্যালেস ঢাকা
রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকায় পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে দারুণ সব আয়োজন। ঐতিহ্যবাহী বাংলা খাবারের স্বাদ আর সংগীতের মূর্ছনায় মেতে উঠতে পরিবার আর বন্ধুদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করেছে বৈশাখী বুফে, সাথে থাকছে বর্ণিল অনুষ্ঠান। জনপ্রতি ২৪৯৯ উপভোগ করা যাবে। যোগাযোগ +৮৮০ ১৭১৩৫৫ ৮৯১৬
মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট
বগুড়ার নওয়াপাড়ায় অবস্থিত মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টে রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন। এ আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ৮৯৯ টাকা। নববর্ষের সকালে দেশীয় স্বাদের খাবার ও বাঙালিয়ানা ঐতিহ্য নিয়ে এই আয়োজন। এ ছাড়া তাদের ওয়াটার পার্কেও থাকছে বিভিন্ন আয়োজন। দেশের সবচেয়ে বড় কেবল কারে চড়ার অভিজ্ঞতাও পাওয়া যাবে।
রিসোর্টেও নানা অফার
সিগাল রিসোর্ট, টাঙ্গাইলে অবস্থিত সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে নববর্ষ উপলক্ষে দুজনের জন্য বাঙালিয়ানা ফুল বোর্ড প্যাকে। এই প্যাকেজে রয়েছে ভিলায় রাতযাপন, সকালের নাশতা, মধ্যাহ্নভোজ বুফে ও রাতের খাবার। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের সবচে বড় স্যুইমিং পুলের নীল জলরাশিতে জলকেলিতে মেতে ওঠার সুযোগ। এক দিনের জন্য দুজনের এই প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯৯ টাকা।
বুকিংয়ের জন্য ফোন : +৮৮০ ১৩২৯ ৭৩৬৬৮৪।
ছুটি রিসোর্ট, বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ছুটি রিসোর্ট। পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী বাংলার সব মুখরোচক খাবার ছাড়াও থাকবে মৌসুমি ফলের সমাহার। বাচ্চাদের জন্য নাগরদোলা, হাওয়াই মিঠাই ও বেলুন ফোটানোর মতো আয়োজন রয়েছে। দিনব্যাপী এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২ হাজার ৮০০ টাকা। আর ১০ বছরের কম বয়সীর জন্য ১ হাজার ৯০০ টাকা। তবে পাঁচ বছরের কম শিশুর জন্য প্রবেশ ও খাবার সম্পূর্ণ ফ্রি।
ড্রিম স্কয়ার রিসোর্ট, গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে থাকছে বাংলা নববর্ষ উপলক্ষে বিশাল আয়োজন। সারাদিনের সকল আয়োজন উপভোগ করতে জনপ্রটি মাত্র ৪ হাজার টাকা খরচ হবে। এতে থাকবে পান্তা-ইলিশ দিয়ে নাশতা, বাঙালিয়ানা ভোজের দুপুরের বুফে লাঞ্চ, পিঠা উৎসব, ফুচকা, চটপটি। এ ছাড়াও রয়েছে বাউল সন্ধ্যা, বাচ্চাদের খেলার আয়োজন, ওয়াটার পার্ক, সুইমিংপুলসহ নানা আয়োজন। ফোন : +৮৮০ ১৪০১ ১২০১০০
শায়ান রিসোর্ট, মানিকগঞ্জের শায়ান রিসোর্টে বৈশাখ উপলক্ষে থাকছে বৈশাখী উদ্যোক্তা মেলা ও উৎসব।