প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩ পিএম
মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান, ৩১ জানুয়ারি, ২০২৬ শনিবার, পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন।
এই আয়োজনের সাংষ্কৃতিক অনুষ্ঠান পর্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এর সার্বিক সহযোগিতায় ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ(এফইএবি) নিবেদিত “সুতোর গল্প নিজস্বতায়_বোনা উৎসব” শিরোনামে দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন শো তে দেশের ঐতিহ্য ও সৃজনশীলতার স্বাক্ষর জামদানী শাড়ি, সিল্কের হাতের কাজের শাড়ি, ইউনেস্কো কর্তৃক Intangible Cultural Heritage বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত টাংগাইল শাড়ি, প্রাকৃতিক রঙে নকশাকৃত শাড়ি প্রদর্শিত হয়। ফ্যাশন শোতে বিষয়ভিত্তিক উপস্থাপনার পাশাপাশি আমাদের উৎসব, ইতিহাস ও আবেগকে ধারণ করে, এমন দিবস ভিত্তিক উপস্থাপনা সংযোজিত হয়। টাংগাইল শাড়ি কুটির, মুনিরা ইমদাদ এর জামদানি ও টাংগাইল শাড়ি, শিল্পী মোঃ আমিনুল ইসলামের সিল্কের হাতের কাজের শাড়ি, অয়ন ক্রাফটস নাঈমা ইসলামের নকশাকৃত প্রাকৃতিক রঙের শাড়ির মাধ্যমে বিষয়ভিত্তিক উপস্থাপনার সাথে অঞ্জনস এর বসন্তের শাড়ি, কে ক্রাফটের শাড়িতে বৈশাখ, সাদাকালো এর ২১শের শাড়ি ও রঙ বাংলাদেশ এর বিজয় দিবসের শাড়িতে আমাদের আনন্দ, উৎসব, আত্মত্যাগ, স্বাধীনতার গৌরব, বিজয়ের অহংকার ও আত্মপরিচয়ের আখ্যান উপস্থাপন করা হয়।

শো এর ফ্যাশন একসেসোরিজ ব্যাগ কালেকশন সহযোগিতায় ছিলেন ট্যান এর তানিয়া ওয়াহাব ও কালিন্দী’র মুনিয়া জামান।
ফ্যাশন শো’র কোরিওগ্রাফার বুলবুল টুম্পা’র সাথে শো স্টপার হিসেবে মঞ্চে আসেন দেশের জনপ্রিয় মডেল সাবনাজ সাদিয়া ইমি।