প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৭:৪৩ পিএম
শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (সিএফবি) জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশে আন্তর্জাতিক শেফস দিবস ২০২৫ উদযাপন করেছে। বিগত বছরগুলোর মত এবারও শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (সিএফবি) বাংলাদেশে যথাযথ সম্মান এবং উচ্ছ্বাসের সাথে আন্তর্জাতিক শেফস দিবস ২০২৫ পালন করেছে। এই বছর দিবসের প্রতিপাদ্য ছিল "খাদ্য অন্বেষণ- স্থানীয় বীজ এবং স্থানীয় খাবার"।
২০ অক্টোবর ২০২৫, রাজধানীর পাঁচ তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দিনব্যাপী এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে শেফস দিবস পালন করল সিএফবি। সভাপতি শেফ জহির খানের আন্তরিক আহ্বানে, দেশি-বিদেশি রন্ধনশিল্পের ৭০০ জনেরও বেশি শেফ এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনসম্পর্কীয় ঐতিহ্য এবং বাংলাদেশি রাঁধুনীদের সৃজনশীলতা উদযাপনের একটি গৌরবময় উপলক্ষ। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব আবু তাহের মুহাম্মদ জাবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেফস ডে’র অনুষ্ঠানকে আলোকিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএফবি-র প্রধান উপদেষ্টা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সিইও এবং বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। সিএফবি-র সাধারণ সম্পাদক এবং র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের এক্সিকিউটিভ সু শেফ বোরহান খান উদ্বোধনী বক্তব্য রাখেন। সিএফবি-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকার এক্সিকিউটিভ সু শেফ জুলিয়ান শিতল বটলেরু রন্ধন শিল্পে শেফদের গুরুত্ব নিয়ে তার বক্তব্যে তুলে ধরেন। কয়েকজন বিশিষ্ট শেফ তাদের নিজস্ব মূল্যবান বক্তব্য রাখেন এবং সিএফবি-র সাথে তাদের চমৎকার অভিজ্ঞতা জানান দেন। খলিল ফুডস অ্যান্ড আমেরিকান কারি অ্যাওয়ার্ড অথোরিটির চেয়ারম্যান স্টার শেফ খলিলুর রহমান তার বক্তব্যে শেফ অনুশীলনে আধুনিকতার গুরুত্ব তুলে ধরেন। সিএফবি-র উপদেষ্টা এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের এফএন্ডবি পরিচালক কাজী মোয়াজ্জেম হোসেন তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
প্রথম বাংলাদেশী নেশনস এক্সিকিউটিভ শেফ এবং যিনি বিশ্বব্যাপী বাংলাদেশী রন্ধন শিল্পের নেতৃত্ব দেন, শেফ জহির খান এবং দ্বিতীয় বাংলাদেশী নেশনস এক্সিকিউটিভ শেফ জুলিয়ান শিতল বটলেরু এবং তাদের দলের নেতৃত্বে ক্যারিয়ার উন্নয়নের উপর একটি ফলপ্রসূ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শেষভাগে, অনুষ্ঠানটি আকর্ষণীয় র্যাফেল ড্র এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। গোটা অনুষ্ঠানের ফাঁকেফাঁকে শেফদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আগত অতিথিদের মন জয় করে।
উক্ত অনুষ্ঠানের প্রধান স্পন্সর প্রাণ স্পাইস; গোল্ড স্পন্সর ছিল: বেঙ্গল মিট, নেসলে এবং খলিল'স ফুডস; সিলভার স্পন্সর: ডাইভারসি, ইয়েস বিডি, মেলোডি ক্রিম বিডি; এবং সহযোগী স্পন্সর: আপন সস, মাস্টার শেফ কুমিল্লা, বিএইচএমটিটিআই, গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, স্মার্ট স্কিলস অ্যান্ড এডুকেশনাল কনসালট্যান্ট, রমজান প্রোপার্টিজ লিমিটেড, স্যাভয়, এম্পিরিয়েন হোটেল, সাগর ওভারসিজ, এবিটি ইন্টারন্যাশনাল এবং আশিক ট্রেডার্স। উপস্থিত সকল শেফদের সন্তুষ্টির সাথে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।