সেতু বৈশ্য
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৫:৩৯ পিএম
কলার মোচা অনেকেরই প্রিয় খাবার। তবে কীভাবে রান্না করলে খেতে ভালো লাগবে অনেকেই জানেন না। কলার মোচা দিয়ে সহজ তিনটি রান্নার রেসিপি জানাচ্ছেন সেতু বৈশ্য।
কলার মোচার চপ
যা যা লাগবে
মোচা, আলু, পিঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ, লবণ, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, আদা বাটা, বেসন, তেল।

যেভাবে বানাবেন
মোচা ছোট ছোট করে কেটে নিতে হবে। কড়াইয়ে পানি গরম করে লবণ হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিতে হবে। নাহলে মোচা কালো হয়ে যাবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পিঁয়াজ কুচি দিতে হবে। এর মধ্যে সব হলুদ, লবণ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আর অল্প আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরমধ্যে সিদ্ধ করে রাখা মোচা দিতে আবারও অল্প আঁচে ভাজতে হবে। ৪/৫ মিনিট পরে এর সাথে সিদ্ধ করে রাখা আলু মিশিয়ে নিতে হবে। আলুটা বেশ ভালো করে মিশাতে হবে আর পরিমাণটা মোচার অর্ধেক হবে। এরপর গরম মসলা গুঁড়া আর কাঁচা মরিচ কুচি দিয়ে আবার মিশিয়ে মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে হাতে নিয়ে ছোট ছোট চপের আকারে গড়ে নিতে হবে।
আরেকটা পাত্রে বেসন, হলুদ,লবণ আর পানি দিয়ে একটা ঘন ব্যাটার করতে হবে। এর মধ্যে মোচার চপগুলো ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে অথবা সন্ধ্যায় চায়ের সাথে যেকোনো ভাবেই খাওয়া যাবে মজাদার মোচার চপ।
মোচার বড়া
যা যা লাগবে
কলার মোচা ভালো করে পরিষ্কার করে নেয়া, বেসন, কর্ণফ্লাওয়ার, লবণ, হলুদ আর তেল।

যেভাবে বানাবেন
কলার মোচার ফুলগুলো ছবির মতো করে খুলে নিতে হবে। এরপর প্রতিটির মধ্যে একটা শক্ত ডাঁটা থাকে, ওইটা ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে। বেসন যতটুকু নিবেন তার অর্ধেক কর্ণফ্লাওয়ার নিতে হবে। এর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে পানি দিয়ে ঘন একটা ব্যাটার করে নিতে হবে। এরপর ওই ব্যাটারে মোচার ফুলগুলো ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।
চিংড়ি দিয়ে মোচা
যা যা লাগবে
মোচা, চিংড়ি মাছ, লবণ, হলুদ, কাঁচা মরিচ, জিরার গুঁড়া, পিঁয়াজ কুচি, আস্ত শুকনো মরিচ।

যেভাবে বানাবেন
মোচা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর লবণ হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর বাকি তেলে প্রথমে একটা আস্ত শুকনো মরিচ ফোঁড়ন দিতে হবে, এরপর কুচানো পিঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা মরিচ আর সিদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প আঁচে ভাজতে হবে। বেশ ভাজা হয়ে এলে চিংড়ি মাছগুলো মিশিয়ে আরও মিনিট ৫ ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ দিয়ে মোচা। চাইলে ধনেপাতাও দিতে পারেন নামানোর আগে।