× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপা চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই জিএম কাদেরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ১১:৩৮ এএম

আপডেট : ১২ মে ২০২৪ ১১:৫৩ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ফটো

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টকে আপিল বিভাগ এ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

রবিবার (১২ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জিএম কাদেরের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছেন আদালত। এ আদেশের ফলে আপাতত তার দায়িত্ব পালনে বাধা নেই।’

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টিতে বিভেদ দেখা দেয়। এরশাদের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের বিরোধ অনেকটাই প্রকাশ্য হয়ে পড়ে। ব্যাংককে চিকিৎসাধীন থাকাকালে রওশন দলের কেন্দ্রীয় সম্মেলন আহ্বান করলে উভয় পক্ষের তরফ থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসে। সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশনকে সরাতে সচেষ্ট হন কাদেরপন্থিরা। যদিও পরে রওশন সম্মেলন স্থগিত করলে বিষয়টি নিয়ে সমঝোতার পথ খোলে। পরে দুজন একসঙ্গে বিবৃতি দিয়ে বলেন তারা ঐক্যবদ্ধ।

ওই বিরোধ চলাকালে গত বছরের ১৭ সেপ্টেম্বর জাতীয় পার্টি থেকে জিয়াউল হক মৃধাকে জিএম কাদেরের সিদ্ধান্তে বহিষ্কার করা হয়। তার তিন দিন আগে বহিষ্কার করা হয় রওশনপন্থি আরেক নেতা মসিউর রহমান রাঙ্গাকে।

মৃধা এই বহিষ্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ না করে চ্যালেঞ্জ করেন জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার সিদ্ধান্তকেই। তিনি চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়েই মামলা করেন।

মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে অস্থায়ী আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন জিএম কাদের। তার আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বিচারিক আদালতের আদেশ স্থগিত করেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন জিয়াউল হক মৃধা। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ বিচারিক আদালতের আদেশই বহাল রাখেন। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তির ভার দেন নিম্ন আদালতকেই।

পরে  ১৯ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশই বহাল রাখেন।

ওই আদেশের রিভিশন চেয়ে হাইকোর্টে ফের আবেদন করেন জিএম কাদের। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আজ এই আদেশ দিলেন।

মামলার বাদী ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধাকে আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা