প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২১:১৮ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২১:১৯ পিএম
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা পরিশোধ করতে শ্রম আপিল ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তা বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়কে অবৈধ বলেও ঘোষণা করেছেন আদালত।
তবে ১০৬ জন শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গ্রামীণ কল্যাণের রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, আবদুল্লাহ আল মামুন ও খাজা তানভীর আহমেদ। গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী গোলাম রাব্বানী শরীফ।
এর আগে গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে গত ৩ এপ্রিল রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থিতি অবস্থা জারি করেন হাইকোর্ট। ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে হাইকোর্টের দেওয়া রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।