প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৯:২৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩ ২০:০৪ পিএম
ছবি : সংগৃহীত
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম বাবরসহ ৪৭ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে ২২ জুন এ অভিযোগপত্র দাখিল করা হয়। আগের অভিযোগপত্রে আসামি ছিল ১০ জন। নতুন করে তদন্তের পর যুক্ত হয়েছে আরও ৩৭টি নাম।
রবিবার (২৫ জুন) আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।
তিনি জানান, ২২ জুন এ অভিযোগপত্র দাখিল করা হয়। ৫ জুলাই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়। ওই দিন অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, ২০২১ সালের ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ১ সেপ্টেম্বর মামলাটির চার্জ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। কিন্তু সেদিন মামলাটিতে কিছু অসঙ্গতি দেখতে পাওয়ায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশনা মেনে নতুন করে আরও ৩৭ জনসহ মোট ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দিল সিআইডি।
মামলার আসামিরা উল্লেখযোগ্য হলেন- খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম বাবর, তার এপিএস সত্যজিৎ মুখার্জি, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম।
২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ।