প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৪:৩৪ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১৫:৪০ পিএম
ফাইল ফটো
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে ইজারার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আফতাবনগরে পশুর হাট বসাতে আর কোনো আইনগত বাধা থাকল না।
বুধবার (১৪ জুন) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
গত ১৫ মে কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।
ওই রিটের শুনানি নিয়ে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত ১ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। গত ২২ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদের মেয়াদ আরও ২ মাস বৃদ্ধি করলেন হাইকোর্ট।
গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা স্বাক্ষরকৃত সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করা হয়। দরপত্রে ঈদুল আজহার দিনসহ পাঁচদিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ন হাউজিং আফতাব নগরের ব্লক-বি থেকে এইচ পর্যন্ত খালী জায়গায়সহ উত্তর সিটি করপোরেশনের সাত স্থানে কোরবানির গরু বিক্রির জন্য বাজারের ইজারা আহ্বান করা হয়।