ধর্ম অবমাননার অভিযোগ
রংপুর অফিস
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৫:৫৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৬:০০ পিএম
পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার টিটু রায়কে আদালতে আনা হয়। প্রবা ফটো
২০১৭ সালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ম অবমানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রংপুরের সেই টিটু রায়ের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে রংপুর সাইবার ট্রাব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৭ সালে রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ার সেই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে টিটুর বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায় দিয়েছেন আদালত। মামলায় সাক্ষ্য দেন ১৭ জন।
আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত রায় বলেন, ‘ফরেনসিক রিপোর্টে টিটু রায়ের ধর্মীয় অবমাননা করে স্ট্যাটাস দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
মামলার নথিপত্র, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, টিটু রায় রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে। ২০১৭ সালের ৫ নভেম্বর তিনি ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বলে অভিযোগ আনা হয়। পরদিন ৬ নভেম্বর তার বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খলেয়া ইউনিয়নের ব্যবসায়ী রাজু আহমেদ।
মামলা হওয়ার চার দিন পর ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা। সেখান থেকে হাজারও মানুষ জড়ো হয়ে ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সে সময় সংঘর্ষে এক যুবক মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলা হয়েছে।