প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৩ ১৩:২৫ পিএম
আপডেট : ১১ মে ২০২৩ ১৩:৩৭ পিএম
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া। ছবি : সংগৃহীত
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২ জুন ঠিক করেছেন আদালত।
মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য বৃহস্পতিবার (১১ মে) দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমরান রাজন প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত প্রতিবেদন জমার জন্য নতুন এই দিন ঠিক করেছেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ২২ জানুয়ারি রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের বাসের চাপায় নিহত হন নাদিয়া। তার মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করেন।
এ মামলায় ভিক্টর পরিবহনের চালক লিটন ও তার সহকারী আবুল খায়ের কারাগারে রয়েছেন।