নরসিংদী সংবাদদাতা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২০:০৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ২০:৩৫ পিএম
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
নরসিংদীতে কারাগারে পাঠানোর আদেশ শোনার পর জেলা ও দায়রা জজ আদালতের এজলাস থেকে এক আসামি পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা যুগ্ম জজ আদালত-১ এর বিচারক নাহিদুর রহমান নাহিদের এজলাস থেকে ওই আসামি পালিয়ে যান।
ওই আসামির নাম নজরুল ইসলাম। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়ায়। নরসিংদীর মনোহরদী থানায় জাল নোট সংক্রান্ত এক মামলার অভিযোগপত্রভুক্ত ৫ নম্বর আসামি তিনি।
আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নজরুল ইসলাম জাল টাকা সংক্রান্ত এক মামলার আসামি। আজ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারকের আদেশ শোনার পরই তিনি এজলাস থেকে পালিয়ে যান।’
ওসি দেলোয়ার হোসেন জানান, নজরুলের বিরুদ্ধে ২০০৯ সালে মনোহরদী থানায় জাল নোট সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন তিনি। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নজরুল। বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারকের আদেশ শুনে দায়িত্বে থাকা পুলিশের এক সদস্যের নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যান নজরুল।
এ বিষয়ে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, ‘পলাতক আসামি নজরুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’