ফাইল ছবি
বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন এবং আদায় প্রক্রিয়া সংবলিত বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।
ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় ক্ষেত্রবিশেষে দেনমোহরের একটি অংশ তাৎক্ষণিক পরিশোধ করা হয়, আবার একটি অংশ বিলম্বিত রাখা হয়। অনেক ক্ষেত্রে পুরো দেনমোহরই তাৎক্ষণিক পরিশোধ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে বিলম্বিত দেনমোহর দীর্ঘদিন পরিশোধ করা হয় না।
তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় বিয়ের সময় যে পরিমাণ দেনমোহর নির্ধারণ করা হয়, বহু বছর পর পরিশোধের সময়ও সেই একই অঙ্ক বহাল থাকে। ফলে সময়ের সঙ্গে অর্থের প্রকৃতমূল্য কমে যাওয়ায় দেনমোহরের উদ্দেশ্য— বিবাহিত নারীর আর্থিক সুরক্ষা ব্যাহত হয়। এ কারণে বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও পরিশোধের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
আইনজীবী আরও জানান, রিটটি শুনানির জন্য সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। রিটের আবেদনে বলা হয়েছে, বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী বিয়ের তারিখ থেকে এক বছর পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ, আদায় পদ্ধতি ও প্রক্রিয়াসংবলিত একটি বিস্তারিত নীতিমালা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না— এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।