দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আশিকা সুলতানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন দিদারুল আলমের আদালত বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এই আসামি এই মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংশ্লিষ্টতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে।
এত আরও বলা হয়, পরবর্তী সময়ে আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন হতে পারে। জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আসামির পক্ষে কোনও আবেদন ছিল না জানান এসআই রফিকুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।
পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।