ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৪:২৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৪:৪০ পিএম
তারেক রেজার পক্ষে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।
ঝিনাইদহ কারাগার থেকে সোমবার সকালে তিনি জামিনে মুক্ত হন। এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা |
এর আগে রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, তারেক রেজাকে নিরাপত্তা দিতেই প্রথমে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এক প্রেস ব্রিফিংয়ে রবিবার রাত ১১টায় সুপার মাহফুজ হোসেন বলেন, “রবিবার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা আসেন। পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়। কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করা হয়”।
এদিকে তারেক রেজা সোমবার জামিন পেলেও একই মামলায় গ্রেপ্তার জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান মুক্তি পাননি।
তারেক রেজা ও অয়নের পক্ষে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন।