প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৮:০০ পিএম
হাইকোর্ট। ফাইল ছবি
ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।
ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা রিটে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, রাস্তা ও ফুটপাত মূলত জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হওয়ার কথা। সেখানে হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দিলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং তা নাগরিক অধিকার ও সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করবে আদালত।
কয়েকদশক ধরে ফুটপাত দখল করে ব্যবসা করা এবং এতে পথচারীদের যাতায়াতের জায়গা সংকুচিত হওয়ার বিষয় নিয়ে ভোগান্তিতে রয়েছেন ঢাকার মানুষ। সম্প্রতি হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬-এ নির্দিষ্ট কিছু জায়গায় হকারদের স্থান বরাদ্দের বিধান রাখা হয়। তবে এ নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাইকোর্টের রুল ঢাকাবাসীর মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।