প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ২২:০৮ পিএম
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় জামিন পাওয়ার পরও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে নতুন করে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে সোমবার পৃথক তিন মামলায় এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করা হয়। ভাটারা থানা, পল্টন মডেল থানা ও বংশাল থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক বিমান তরফদার, বংশাল থানার অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক এবং ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মন্ডল আদালতে এ আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিন বলেন, তিনি হাইকোর্ট থেকে পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। গত ১৩ মে তার জামিননামা দাখিল করা হয়। তিনি যখন কারামুক্ত হবেন, তখন পুলিশ নতুন তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। তাকে গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেছিলাম। শুনানি শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনকেন্দ্রিক একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়।