প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:১০ পিএম
অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী ও তার প্রয়াত স্ত্রী ইকরা। ফাইল ছবি
ঢাকার মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে দায়ের করা মামলা থানা পুলিশ থেকে ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
আগামি ২৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত রবিবার নতুন এ দিন ধার্য করেন।
মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল রবিবার। কিন্তু মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেননি। তাই আগামি ২৪ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন আদালত।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্যটি জানান। তিনি জানান, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।
এর আগে গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার দিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগে উল্লেখ করেন তিনি।