এ এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ আলী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত প্যানেল। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেল। দুদিনব্যাপী ভোটগ্রহণে মোট ৪ হাজার ৪৮ জন আইনজীবী ভোট দেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল।