× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলার হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৪:২৮ পিএম

আপডেট : ১৩ মে ২০২৬ ১৭:০৪ পিএম

আব্দুল লতিফ সিদ্দিকী। ছবি: ভিডিও থেকে নেওয়া

আব্দুল লতিফ সিদ্দিকী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন হাজিরা দিতে আদালতে আসেন লতিফ সিদ্দিকী, মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য এদিন ধার্য ছিল, তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এর আগে গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন লতিফ সিদ্দিকী। তবে সেদিন মূল নথি না থাকায় শুনানি হয়নি। পরে শুনানির জন্য এদিন ধার্য করেন আদালত।

আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন এবং লতিফ সিদ্দিকী একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। চলাফেরায় সমস্যা থাকায় এবং তিনি চিকিৎসাধীন থাকায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাওয়া হয়।

আদালত শুনানি শেষে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২৪ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিকালে লতিফ সিদ্দিকী বিচারককে বলেন, এভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না। ছয় মাস আগে আইনজীবীর মাধ্যমে হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছিল। আজ আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আমাদের আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।

জবাবে বিচারক বলেন, সেটা আপনার ইচ্ছা। আপনার যে আবেদন করেছেন তা মঞ্জুর করা হয়েছে।

গত ২৯ আগস্ট এ মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধের লক্ষ্য নিয়ে গত ৫ আগস্ট “মঞ্চ ৭১” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সময় একদল ব্যক্তি স্লোগান দিয়ে সভাস্থলে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন।

অভিযোগে বলা হয়, তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং কয়েকজন অংশগ্রহণকারীকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।

এ ঘটনায় আমিরুল ইসলাম নামের এক উপ-পরিদর্শক সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা