অস্ত্র মামলা
আনিসুল হক। ফাইল ছবি
ঢাকার বনানী থানায় অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়েছে।
আগামী ২১ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী নতুন এই তারিখ নির্ধারণ করেন।
এদিন মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলামের (কাইয়ুম) বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২১ জুন নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়।
স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ তারিখের মধ্যে কোনো অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে, তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে, নির্ধারিত সময়ের মধ্যে আসামি আনিসুল হক তার একটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কি-না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি থানাকে অবহিতও করেননি। তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ২৪ মে অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট এলাকা থেকে আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।