প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৩৭ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৫ পিএম
সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও খন্দকার মোশাররফ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের গুলশানে দুটি বিলাসবহুল ফ্ল্যাটের ভেতরের মালামালের তালিকা প্রস্তুতের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদকের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার সাবেক এই মন্ত্রীর ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
একই সঙ্গে তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে এসেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, একই আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের গুলশানের দুটি ফ্ল্যাটে প্রবেশের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন।
দুদকের উপপরিচালক মশিউর রহমান আদালতে জানান, গুলশান-২ এর ৬৬ নম্বর সড়কের ১১ নম্বর প্লটে অবস্থিত ৩৭৪৭ ও ৩৮৩২ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট পূর্বের আদালতের আদেশ অনুযায়ী দুদকের পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) রিসিভার হিসেবে দেখভাল করছেন।
তবে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় এবং সংশ্লিষ্ট ব্যক্তি অনুপস্থিত থাকায় রিসিভারের পক্ষে সেখানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় নির্বিঘ্নে ফ্ল্যাটে প্রবেশ, ভেতরের সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।