জুলাই হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৫:৪৮ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১৬:১২ পিএম
আফজাল নাছেরকে বুধবার আদালতে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আদালত বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামি আফজাল নাছারকে আদালতে হাজির করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম তালুকদার ৭ দিনের রিমান্ড আবেদন করেন, শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে গত ২৯ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে মকবুল হত্যা মামলায় তাকে ৫ এপ্রিল ৩ দিন, ৮ এপ্রিল ৩ দিন, ১২ এপ্রিল ২ দিন এবং ১৪ এপ্রিল ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর পর ১৭ এপ্রিল আবারও দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৩ দিন ও ২০ এপ্রিল ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর মাহমুদুল হত্যা মামলায় গত ২৩ এপ্রিল ৪ দিন ও ২৭ এপ্রিল ২ দিনের রিমান্ড দেন আদালত। তিনটি মামলায় ৯ দফায় মোট ২৯ দিনের রিমান্ডে ছিলেন আফজাল নাছের।
মামলার এজহারে বলা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আফজাল নাছেরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় মিছিলে হামলা চালান।
এ ঘটনায় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়।
ওই ঘটনার তার পরিবার থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।