প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৮:৩৩ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলার পর এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রবিবার এ আদেশ দেন।
চার দফায় ১৭ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়।
মামলা তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো.আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে ছিলেন মাঞ্জিল হায়দার। গত মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে পাঁচ দিন রিমান্ড দেয় আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সব সহযোগী অঙ্গসংগঠনের সদস্যরা গত বছরের ১২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে রমনা থানাধীন রূপায়ণ টাওয়ারের সামনে মিছিল করে। সরকারবিরোধী বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করেছিল। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পলায়নের চেষ্টা করে। কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়। ঘটনার ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।