সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৫ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৬ পিএম
আমির হামজা। ফাইল ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এই নির্দেশ দেন।
এর আগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন কবির বাদী হয়ে মানহানি মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভুঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরিফুল হায়দার রফিক সরকার বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি নিজে বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন, এটি ধর্ম ও আইন বিরুদ্ধ।”