প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১৬:৩৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ পিএম
গ্রেপ্তার মো. ইউসুফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার গুলশান এলাকায় একটি বাড়িতে ঢুকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মো. ইউসুফকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত রবিবার এ আদেশ দেন।
এদিন অভিযুক্ত আসামি ইউসুফকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আরমান আলী আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত, পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, গুলশান-১ এলাকার একটি বাড়িতে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে ইউসুফসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সেখানে জোরপূর্বক প্রবেশ করেন। তারা কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে, এবং বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে- এমন হুমকি দেওয়ার পাশাপাশি শ্রমিকদের প্রাণনাশের ভয় দেখানো হয়। এমনকি বাদী ও তার নিয়োগকর্তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।