আত্মহত্যা প্ররোচণার মামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:১৬ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:১৮ পিএম
স্ত্রী ইভনাথ খান ইকরার সঙ্গে জাহের আলভী। ছবি: ফেসবুক থেকে
ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীসহ দুই আসামির বিরুদ্ধে করা আত্মহত্যা প্ররোচণার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বৃহস্পতিবার এই নতুন দিন নির্ধারণ করেন। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।
ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার নির্ধারিত ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এই তারিখ নির্ধারণ করেন বিচারক।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইকরার আত্মহত্যার ঘটনায় ২ মার্চ রাতে তার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’।