জুলাই হত্যাকাণ্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৯:২৫ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ২২:০৯ পিএম
আদালতে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরী। ছবি: বাসস
ঢাকার নিউমার্কেট এলাকায় জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দফায় আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিকে রাষ্ট্রপক্ষের ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন, উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তথ্যটি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত সোমবার তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
মামলার এজহারে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।