প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৭:০৮ পিএম
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি: সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স ইমন’ গ্রুপের দলনেতা ইমন ওরফে এলেক্স ইমনকে (২৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ জনের প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাধন কুমার মন্ডল আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তাররা হলেন— সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) এবং মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)। এদের মধ্যে রাসেলকে র্যাব গ্রেপ্তার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বিকালে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে দায়ের করা এ মামলায় ২১ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।